অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা অ্যাপ আনইনস্টলের জন্য প্লে স্টোরে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি অন্য ডিভাইস ব্যবহার করে অ্যাপ আনইনস্টল করতে পারবে। খবর টেকটাইমস।

বর্তমানে প্লে স্টোরের সর্বশেষ সংস্করণে ফিচারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড প্লে স্টোরের সব ভার্সনে ফিচারটি চালু করা হবে। তবে এ সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীদের অবশ্যই রিমোট আনইনস্টল অপশনটি চালু রাখতে হবে বলে গুগল সূত্রে জানা গেছে।

একই গুগল অ্যাকাউন্ট শেয়ার করা অ্যান্ড্রয়েড সেলফোন, কম্পিউটার, টিভি, অটো ও ওয়্যারেবল সব ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। এজন্য প্রথমে প্লে স্টোরের সেটিংস অপশনে গিয়ে রিমোট অ্যাপ আনইনস্টল চালু করতে হবে। এরপর ম্যানেজ অ্যাপস অপশনে গেলে একটি নতুন ইউআইতে প্রতিটি কানেক্টেড ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলো দেখাবে। 

ফিচারটিতে কোন অ্যাপ কতটা স্টোরেজ নিয়েছে সেভাবেই তালিকা করা থাকবে। যার মাধ্যমে স্টোরেজ অপচয় করছে, এমন অ্যাপ শনাক্ত করা যাবে। ফলে কোন অ্যাপ আনইনস্টল করতে হবে সে বিষয়েও সহজে তথ্য পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েডের প্রধান মার্কেট প্লেস হিসেবে গুগল প্লে স্টোরের নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করবে আশা করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আনইনস্টলের বিকল্প ফিচারটির কারণে এখন থেকে প্লে স্টোর ব্যবহারকারীরা সহজেই দূর থেকে অ্যাপ আনইনস্টল করতে পারবে। তবে সব ডিভাইসেই একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকতে হবে।