ভবিষ্যতে বাজারজাতের অপেক্ষায় থাকা স্মার্টওয়াচগুলোতে ফ্ল্যাশলাইট যুক্ত করার কথা ভাবছে অ্যাপল। সম্প্রতি একটি পেটেন্ট আবেদনে মডিউলার লাইট অ্যাসেম্বলি ফর এ ওয়্যারেবল ডিভাইসের তথ্য উঠে এসেছে। খবর গিজমোচায়না।
পেটেন্ট আবেদনে ফ্ল্যাশলাইটটি স্মার্টওয়াচে কীভাবে যুক্ত করা হবে সে বিষয়েও তথ্য দেয়া হয়েছে। ফলে এটি কোথায় থাকবে, কীভাবে কাজ করবে সে বিষয়ে সহজেই জানা যাবে। অ্যাপল ওয়াচে আগে থেকেই একটি ফ্ল্যাশলাইট ফিচার রয়েছে। এটি ওয়াচের ডিসপ্লে উজ্জ্বলতা বাড়িয়ে সম্পূর্ণ সাদা আলো তৈরি করে। অন্ধকার পরিবেশে এটি দেখতে সহায়তা করে। কিন্তু সবসময় এটি সহায়ক নয়। কেননা আলো ব্যবহারের জন্য ঘড়ির ডিসপ্লে ঘুরিয়ে সামনে ধরতে হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ডিজাইনের মাধ্যমে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি ওয়াচের ব্যান্ডে ফ্ল্যাশলাইট যুক্ত করবে। এর মাধ্যমে ফ্ল্যাশলাইটটিকে টর্চের মতো ব্যবহার করা যাবে। আবেদন সূত্রে আরো জানা যায়, এক্সটার্নাল ফ্ল্যাশলাইটের জন্য আলাদা ব্যাটারি থাকবে। ফলে স্মার্টওয়াচে থাকা ব্যাটারির ওপর কোনো চাপ পড়বে না। এছাড়া ফ্ল্যাশলাইট চালু বা বন্ধের জন্য আলাদা বাটন থাকতে পারে বলেও জানা গেছে। ফলে ওয়াচ থেকে ব্যবহারকারীদের কোনো কিছু নিয়ন্ত্রণ করতে হবে না। তবে পেটেন্ট আবেদনে বলা হয়, মডিউলার লাইট ওয়্যারেবল ডিভাইস থেকে চালু ও বন্ধ হওয়ার কমান্ড গ্রহণ করতে পারবে।
আরো একটি তথ্য পাওয়া গেছে পেটেন্ট থেকে। সেখানে বলা হয়েছে ব্যবহারকারীরা চাইলে ওয়াচের ব্যান্ড থেকে ফ্ল্যাশলাইটটি আলাদা করতে পারবে। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। কারো অভিমত লাইটটি হয়তো খোলা সম্ভব হবে না। এর মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার। অ্যাপল হয়তো ফ্ল্যাশলাইটটি আলাদা অ্যাকসেসরিজ হিসেবে বিক্রি করতে পারে।










