ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে নতুন একটি শর্টকাট ফিচারের উন্নয়নে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্লাটফর্ম থেকে ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ার করতে পারবে। ওয়াবেটাইনফোর বরাতে গ্যাজেটসনাউয়ের খবরে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের স্ট্যাটাস আপডেট করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ সেটিংস থেকে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ারে ব্যবহারকারীদের ম্যানুয়াল সিলেকশন শর্টকাটও দেয়া হবে। যার মাধ্যমে পুরো শেয়ারিং কার্যক্রম নিয়ন্ত্রণে থাকবে।
ইনস্টাগ্রামে শেয়ার আপডেটের ফিচার আনার ক্ষেত্রে আরেকটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন প্রযুক্তি বিশারদরা। মূলত সামাজিক মাধ্যমে আরো বিস্তৃত হওয়ার পাশপাশি অনুসারীদের অংশগ্রহণ বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করা যাবে।
স্ট্যাটাস দেয়ার বিষয়টি নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি চ্যাট ফিল্টার ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন ও ধরন অনুযায়ী তাদের কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে। ওয়াবেটাইনফো জানায়, ফিল্টারিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটাগরি অনুযায়ী কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে। বর্তমানে বেটা টেস্টিংয়ের নির্ধারিত ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।










