ব্যবসা আরো লাভজনক করতে নতুন পদক্ষেপ নিয়েছে
ফেসবুকের প্যারেন্ট মেটা। সাবস্ক্রিপশনের বিনিময়ে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর পরিষেবা
চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।
অর্থের বিনিময়ে ব্যবহারকারীরা মাসে দুটি
নতুন গেমসে অ্যাক্সেস পাবেন বলে জানিয়েছে মেটা।
ফেসবুকের পাশাপাশি মেটার মালিকানায় রয়েছে
ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ। বছরের প্রথম প্রান্তিকে ভার্চুয়াল রিয়েলিটি পরিষেবায় ৪০০
কোটি ডলার ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির।
সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলসহ
একাধিক সংস্থার সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়েছে মেটা। চলতি মাসে নতুন উচ্চাভিলাষী ভিআর
হেডসেট উন্মোচন করেছে অ্যাপল। যা ব্যবহারকারীদের মিশ্র-বাস্তবতার অভিজ্ঞতা দিবে।
গতকাল সোমবার (২৬ জুন) ফেসবুকের প্যারেন্ট
কোম্পানি বলেছে নতুন কোয়েস্ট+ পরিষেবায় মাসিক খরচ হবে ৭ ডলার ৯৯ সেন্ট। তবে বার্ষিক
মেয়াদে সাবস্ক্রিপশন করতে চাইলে গুণতে হবে ৫৯ ডলার ৯৯ সেন্ট। মেটার কোয়েস্ট+ পরিষেবা
কোয়েস্ট ২, কোয়েস্ট প্রো ও আসন্ন কোয়েস্ট ৩ হেডসেটে ব্যবহার করা যাবে।
২০২১ সালে মেটার প্রধান নির্বাহী মার্ক
জাকারবার্গ মেটাভার্স উন্মোচনের ঘোষণা দেন। যার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল পরিবেশে
খেলা, চাকরি ও যোগাযোগ করতে সক্ষম হবেন।
গত ফেব্রুয়ারিতে মেটা বেশ কয়েকটি উচ্চাভিলাষী
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রকল্প উন্মোচন করেছে। তখন এআইকে ‘মেটাভার্স আনলক করার
চাবিকাঠি’ হিসেবে বর্ণনা করেন জাকারবার্গ।
কোম্পানিটি চলতি বছরের প্রথম তিন মাসে
৫৭০ কোটি ডলার মুনাফা করেছে। যা বাজার প্রত্যাশার চেয়েও বেশি। সামগ্রিক ব্যবসা লাভজনক
হলেও ভিআর হেডসেট ও সংশ্লিষ্ট খাতে লোকসান দেখেছে কোম্পানিটি।
মেটার ভিআর হেডসেটের দাম ৩০০ থেকে শুরু
করে এক হাজার ডলার পর্যন্ত রয়েছে।










