ব্যবহারকারীদের ভিডিও ফিডে কোন ভিডিও দেখানো হবে তা নির্ধারণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করতে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের প্রধান টম অ্যালিসন এ তথ্য জানিয়েছেন। মেটার উল্লেখযোগ্য এআই বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম একটি হলো এমন এআই সিস্টেম তৈরি করা, যা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় ভিডিও রিকমেন্ডেশন আরো উন্নত করবে। খবর টেকটাইমস।
মরগান স্ট্যানলির প্রযুক্তি ও মিডিয়া টেলিকম সম্মেলনে টম অ্যালিসন আরো জানান, নতুন এআই পরিকল্পনাটি আগামী দুই বছরের জন্য মেটার প্রযুক্তি রোডম্যাপের অংশ। প্রতিষ্ঠানটির এআই-নির্ভর রিকমেন্ডেশন সিস্টেমে প্রচলিত ভিডিও কনটেন্ট পাশাপাশি রিলসের শর্ট ভিডিওকে প্রাধান্য দেবে। এর আগে মেটা প্রতিটি পণ্যের জন্য আলাদা মডেল ব্যবহার করত। কিন্তু মেটার তথ্যমতে, গত বছর শুধু রিলসে নতুন এআই মডেল পরীক্ষা করে তারা দেখেছে ভিডিওর ভিউ প্রায় ৮-১০ শতাংশ বেড়েছে।
তিনি আরো জানান, মেটার লক্ষ্য নতুন এআই আর্কিটেকচার ব্যবহার করে ভিডিও রিকমেন্ডেশন ইঞ্জিনকে আরো সমৃদ্ধ করা। এখন থেকে ব্যবহারকারীরা ভিডিও ফিডে যেমন রিলস বা ভিডিও দেখবে সে অনুসারে এআই ভিডিও সাজেশন দেবে। এটি ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরো উন্নত করবে বলে আশা করেছেন।










