নতুন মডারেশন টুল চালু করছে মাইক্রোব্লগিং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্লুস্কাই। ওজোন নামের নতুন টুলটি ব্যবহার করে ব্যবহারকারীরা নিউজ ফিডে পছন্দমতো কনটেন্ট কাস্টমাইজ করার সুযোগ পাবে। প্লাটফর্মটি চলতি সপ্তাহের শেষে তাদের নিজস্ব ইনডিপেনডেন্ট মডারেশন টুলটি চালু করবে। খবর টেক ক্রাঞ্চ।
এক ব্লগ পোস্টে ব্লুস্কাই জানায়, ওপেন সোর্সের মাধ্যমে বানানো টুলটি ব্যবহারকারীরা কনটেন্ট রিভিউ ও লেবেলিং বা চিহ্নিত করতে ব্যবহার করতে পারবে। টুলটি ব্যবহারকারীদের তাদের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতায় নিয়ন্ত্রণের সুযোগ করে দেবে। মডারেশনের জন্য ব্যবহারকারীরা স্বাধীন মডারেশন সার্ভিস থেকে ফিল্টার ইনস্টল করতে পারবেন। এতে ব্যবহারকারীরা নিউজ ফিডে পছন্দ অনুযায়ী কাস্টমাইজড অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হবে। যদি কোনো ব্যবহারকারী তার নেটওয়ার্কে নির্দিষ্ট কোনো ছবি দেখতে না চায়। তাহলে মডারেশন সার্ভিসের মাধ্যমে তা ব্লক করতে পারবে।
ব্লগ পোস্টে ব্লুস্কাই আরো জানায়, একটি টিম দিয়ে কখনই পুরো বিশ্বের জন্য মডারেশন অ্যান্ড কিউরেশনে করা সম্ভব না। এর কারণ বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন ধরনের হয়। ফলে ব্লুস্কাই ব্যবহারকারীদের জন্য নিজস্ব ইকোসিস্টেম তৈরির সুযোগ করেছে।
ব্যবহারকারীরা ব্লুস্কাইয়ের ডিফল্ট মডারেশনের ওপর অতিরিক্ত মডারেশন সার্ভিসগুলো ব্যবহার করতে পারবে। পাশাপাশি শিগগিরই মোবাইলে ব্লুস্কাইয়ের ডেস্কটপ সংস্করণে মডারেশন সার্ভিস ফিল্টারগুলো পাওয়া যাবে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লুস্কাই বলেছে, মডারেশন পরিষেবাটি তাদের নিজস্ব কমিউনিটি দিয়ে পরিচালিত প্রকল্প হিসেবে চালু হবে।










