স্থানীয় অফিস স্থাপন না করে কার্যক্রম পরিচালনা করায় রাশিয়ার আদালত জুম ভিডিও কমিউনিকেশনসকে ১১ লাখ ৮০ হাজার ডলার জরিমানা করেছে। খবর রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যায়। কনটেন্ট, সেন্সরশিপ, ডাটা ম্যানেজমেন্ট এবং স্থানীয় প্রতিনিধিত্বের অনুপস্থিতি সম্পর্কিত বিষয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে মস্কোর বিরোধ দিন দিন বেড়ে চলেছে। এদিকে মামলাটির বিচারক তৈমুর ভাখরামেয়েভ জানায়, ২০২২ সালে রাশিয়ায় জুমকে তার আয়ের এক-দশমাংশ জরিমানা করা হয়েছে। এর আগে রাশিয়ার সার্ভারে রুশ নাগরিকদের তথ্য সংরক্ষণে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে জুমকে দেড় কোটি রুবল জরিমানা করা হয়েছিল।
গুগল ও অ্যাপলের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়ায় যথেষ্ট জরিমানার সম্মুখীন হয়েছে। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এমন কাজ করছে রাশিয়া। এ কারণে বিভিন্ন সময় তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে মস্কোকে।
বিশ্লেষকরা জানান, এ ধরনের বাধা-নিষেধের কারণে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতাও হুমকির মুখে পড়েছে। তবে জরিমানার বিষয়ে প্রযুক্তি কোম্পানি কোনো প্রতিক্রিয়া জানায়নি।










