কেমিস্ট ল্যাবরেটরিজের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিক। নতুন অংশীদারত্বের আওতায় দ্রুতবর্ধনশীল এ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারীদের বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দেবে বাংলালিংক। এর মধ্যে রয়েছে করপোরেট সংযোগ, ডাটা সংযোগ, ফোরজি ইন্টারনেট, এমকানেক্স, এসএমএস ব্রডকাস্ট, ফিল্ড ফোর্স লোকেটর ইত্যাদি। 

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন এবং কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের ডিরেক্টর রাকিব চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব কি সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম, হেড অব এন্টারপ্রাইজ অপারেশন্স মো. আহাসান হাবিব, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল ফারাবি এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন ডেপুটি ম্যানেজার নাসির উদ্দিন গাজী।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন, ‘‌একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমরা এ অংশীদারত্বের মাধ্যমে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের কর্মচারীদের উদ্ভাবনী ডিজিটাল সেবা দিতে পেরে আনন্দিত। আমরা আশা করি, তারা বাংলালিংকের ফোরজি নেটওয়ার্কসহ বিভিন্ন অত্যাধুনিক ডিজিটাল সেবা উপভোগ করবেন। এ সেবাগুলো প্রদানের লক্ষ্য হলো উন্নত সংযোগ দেয়ার পাশাপাশি ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়া।’ 

কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের ডিরেক্টর রাকিব রহমান বলেন, ‘‌এ চুক্তির মাধ্যমে বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। উন্নত ফোরজি নেটওয়ার্ক ও বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিয়ে বাংলালিংক কোটি কোটি গ্রাহকের পছন্দের টেলিকম অপারেটরে পরিণত হয়েছে। এ অংশীদারত্ব আমাদের তাদের উন্নত সুবিধাগুলো ব্যবহার করার সুযোগ দেবে।’