সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে সরকারি ডিভাইসে চীনের সুপার-অ্যাপ উইচ্যাট ব্যবহার নিষিদ্ধ করেছে কানাডা। চলতি বছরের শুরুর দিকে শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধের পর একই ধরনের পদক্ষেপ নিল দেশটি। একই দিনে উইচ্যাটের পাশাপাশি ক্যাসপারস্কি ল্যাব অ্যাপলিকেশনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর সিএনএন। 

ক্যাসপারস্কি ল্যাব তাদের অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোর জন্য পরিচিত। কানাডার ট্রেজারি বোর্ড জানায়, দেশটির চিফ ইনফরমেশন অফিসার উইচ্যাট এবং ক্যাসপারস্কি স্যুট অব অ্যাপ্লিকেশন উভয়ই গোপনীয়তা জন্য অগ্রহণযোগ্য ও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। অ্যাপগুলো সেলফোনে ইনস্টল থাকা অবস্থায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সব ধরনের তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে থাকে।

নিরাপত্তা নিশ্চিতে কানাডার সরকার দেশটির সরকারি ডিভাইসে এসব অ্যাপ ব্যবহার ও ইনস্টল করার বিষয় নিয়ন্ত্রণ করবে বলে সূত্রে জানা গেছে। উইচ্যাট বিশ্বব্যাপী জনপ্রিয় একটি অ্যাপ। ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট এবং পেপালের বিভিন্ন ফিচার দিয়ে এ সুপার অ্যাপটি তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে চীনের মূল ভূখণ্ডে প্রায় ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। এর বাইরে সেখানে অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যায় না। গত ফেব্রুয়ারিতে কানাডা সরকার সাইবার নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সেলফোনে টিকটক অ্যাপ নিষিদ্ধ করে। যদিও উইচ্যাট টিকটকের মতো বিশ্বব্যাপী তদন্তের মুখোমুখি হয়নি। তবে ২০২০ সালের আগস্টে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়ে।