দেশে প্রথমবারের মতো ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল চালুর ঘোষণা দিয়েছে টেলি নেটওয়ার্ক পরিষেবা কোম্পানি বাংলালিংক ও টেলিটক। এর মাধ্যমে যেসব এলাকায় কোম্পানি দুটির নেটওয়ার্ক কাভারেজ কম সেসব জায়গায় নির্বিঘ্নে একে অন্যের নেটওয়ার্ক ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম চালাবে।
প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট পেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরবর্তী সময়ে প্রিপেইড সেবা ও ডাটা পরীক্ষা করা হবে বলে সূত্রে জানা গেছে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পরে সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে।
পরিষেবাটি বর্তমানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ও যুক্তরাজ্যসহ অন্য ২২টি দেশে চালু আছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় রোমিং ফিল্ড ট্রায়ালের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমি টেলিটক ও বাংলালিংকের মধ্যে এ পার্টনারশিপ দেখে আনন্দিত। আমি বিশ্বাস করি, উদ্যোগটি বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি সবসময় টেলিকম খাতে ইন্ট্রা-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে উৎসাহিত এবং সমর্থন করে। ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল এ ধরনের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।’










