জাপানের রাজধানী টোকিওতে প্রথমবারের মতো এশিয়া-প্যাসিফিক সাইবার ডিফেন্স হাব প্রতিষ্ঠা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। রাশিয়া, চীনসহ অন্যান্য জায়গা থেকে সাইবার হামলার ক্রমবর্ধমান উদ্বেগের কারণে এ পদক্ষেপটি নেয়া হয়েছে বলে জানিয়েছে গুগল। খবর নিক্কেই এশিয়া।
মূলত সাইবার হামলা মোকাবেলা ব্যবস্থা নিয়ে গবেষণা চালাতে চায় মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এটি জাপানের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাদের গবেষণার সর্বশেষ তথ্য ভাগ করে নেয়ার পরিকল্পনা করেছে। নতুন এ হাবটি আঞ্চলিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়ার জন্য কাজ করবে বলে জানিয়েছে।
বিশ্বব্যাপী সাইবার অপরাধীদের থেকে সরকার ও বাণিজ্যিক কোম্পানির নেটওয়ার্কগুলোর সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের ফলেই এ পদক্ষেপটি নেয়া হয়েছে বলে জানায় গুগল। টোকিওতে গুগলের রোপপঙ্গি অফিসে পরিচালিত হবে হাবটি। নতুন এ হাবের লক্ষ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোকে আরো জোরদার করা।
এখানে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রকৌশলীদের সাইবার হামলা মোকাবেলায় গবেষণা করার জন্য আমন্ত্রণ জানাবে গুগল। এ যৌথ গবেষণার জন্য তাদের কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেয়া হবে না বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগল ২০০১ সালে জাপানে তাদের প্রথম বিদেশী সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করেছিল। যাতে একাধিক সাইবার নিরাপত্তা গবেষক রয়েছে। সাইবার নিরাপত্তায় দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন গুগলের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস নিক্কেইকে জানান, জাপানি গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এ সহযোগিতামূলক প্রচেষ্টায় বড় অবদান রাখবেন।










