ইউটিউবে সাধারণত বিজ্ঞাপন দেখা শেষেই ভিডিও দেখা যায়। এ সমস্যা থেকে বাঁচতে ব্যবহারকারীরা অ্যাডব্লকার ব্যবহার করলেও এখন আর সে সুযোগ থাকছে না। ভিডিও দেখার জন্য অ্যাডব্লকার বন্ধ করা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আর এ কারণে অ্যাডব্লকারের ব্যবহারও কমছে। খবর এনগ্যাজেট।

যেসব কোম্পানি অ্যাডব্লকার তৈরি করে থাকে তাদের ব্যবহারকারীও কমছে বলে জানা গেছে। ইউটিউব থেকে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেয়ার পর থেকেই অ্যাডব্লকার আনইনস্টল করার হার বেড়েছে। এ বিষয়ে অ্যাডগার্ড নামের কোম্পানি ওয্যারডকে জানায়, গত ৯ অক্টোবর থেকে প্রতিদিন ১১ হাজার ব্যবহারকারী ক্রোম এক্সটেনশন আনইনস্টল করেছে। যেখানে আগে এর সংখ্যা ছিল ৬ হাজার। অ্যাডগার্ডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রে মেশকভ জানান, ১৮ অক্টোবর ৫২ হাজারের বেশি ব্যবহারকারী তাদের এক্সটেনশন আনইনস্টল করে দিয়েছেন। তবে অ্যাডগার্ডের যে পেইড ভার্সন আছে সেটিতে ইউটিউবের নতুন নিয়মের প্রভাব পড়েনি এবং এটি ব্যবহারের পরিমাণও বেড়েছে। আরেকটি অ্যাডব্লকিং কোম্পানি ঘোস্টেরি জানায়, অক্টোবরে কোম্পানিটির পরিষেবা ব্যবহার সেভাবে বাড়েনি। এ সময় নতুন ইনস্টল ও আনইনস্টলের সংখ্যা সমানভাবে কমেছে ও বেড়েছে।