অ্যামাজনের প্রথম জোড়া প্রোটোটাইপ স্যাটেলাইট শুক্রবার ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করেছে। প্রতিষ্ঠানটির কুইপার ইন্টারনেট নেটওয়ার্কের জন্য এ স্যাটেলাইট পাঠানো হয়েছে। খবর রয়টার্স।   

বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবার উন্নতি করার জন্য ও স্পেসএক্সের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কক্ষপথে আরো হাজারটি স্যাটেলাইট মোতায়েন করার আগে এটি কোম্পানির প্রথম পদক্ষেপ। 

অ্যামাজনের লোগোসংবলিত ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস-৫ নামের রকেটটি যুক্তরাষ্ট্রে বেলা ২টার পর ক্যাপ-কার্নিভাল থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটি দুটি কুইপার পরীক্ষামূলক উপগ্রহ বহন করছে। এটি অ্যামাজনের একটি দীর্ঘ প্রতীক্ষিত মিশন। 

এ মিশনের লক্ষ্য হলো মহাকাশে অ্যামাজনের প্রযুক্তি পরীক্ষা করা। ই-কমার্স ও ওয়েব পরিষেবা জায়ান্ট অ্যামাজন আগামী কয়েক বছরের মধ্যে আরো ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপন পরিকল্পনা হাতে নিয়েছে। যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইলোন মাস্কের স্পেসএক্স কক্ষপথে প্রায় ৫ হাজারটি স্টারলিংক স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নির্ধারণ করছে। অ্যামাজন উৎক্ষেপণের আগে দুটি স্যাটেলাইট সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেছে। স্যাটেলাইট দুটি ওয়াশিংটনের রেডমন্ডে নিজেদের স্যাটেলাইট প্লান্টে নির্মিত হয়েছে।

উৎক্ষেপণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। রকেটের উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার শেষে অ্যামাজন জানায়, দুটি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে এবং মিশন অপারেশন সেন্টার তাদের যোগাযোগ সংযুক্ত রয়েছে। অ্যামাজন ২০১৯ সালে প্রথমবারের মতো কুইপার পরিকল্পনাটির ঘোষণা দেয়।