জনপ্রিয় পেইন্ট টুল এমএস পেইন্ট অ্যাপ্লিকেশনে দীর্ঘ প্রতীক্ষিত আপডেট নিয়ে এসেছে মাইক্রোসফট। প্রায় চার দশক পর এ আপগ্রেডে ইমেজ বা ছবিতে ট্রান্সপারেন্সি ও লেয়ার যুক্ত করার মতো ফিচার যুক্ত হয়েছে। এটি পেইন্টে ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস অক্ষত রেখে উন্নতমানের ফটো এডিটিংকে আরো বেশি বহুমুখী করে তুলেছে। খবর গিজমোচায়না।
উইন্ডোজ ইনবক্স অ্যাপসের প্রিন্সিপাল প্রডাক্ট ম্যানেজার ডেভ গ্রোচোকি জানান, নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের আকর্ষণীয় নতুন ইমেজ ও আর্টওয়ার্ক তৈরি করতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ এ আপগ্রেডের মাধ্যমে ছবি বা ইমেজের ট্রান্সপারেন্সি, লেয়ার তৈরি ও ব্যাকগ্রাউন্ড অপসারণ বা সংযোজন জটিল কাজগুলোকে সহজ করে তুলবে।
মাইক্রোসফট পেইন্টের ফিচারগুলো বোঝা সহজ। পেইন্ট অ্যাপ্লিকেশন চালু করলে ক্যানভাসের পাশেই এখন থেকে টুলবারে নতুন করে লেয়ার অপশন দেখা যাবে। এ প্যানেলটি উন্নত ফটো এডিটিং সফটওয়্যারের মতো লেয়ার তৈরি, ইমেজ হাইডিং, কপিং, মার্জিং করা বা মুছে ফেলার মতো কাজ করা যাবে।










