ভিয়েতনামের প্রযুক্তি কোম্পানি ও সরকারের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট এনভিডিয়া। মূলত সেমিকন্ডাক্টর তৈরিতে দেশটির সঙ্গে সহযোগিতামূলক এ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কিত আমন্ত্রণপত্রের বরাতে খবর প্রকাশ করেছে রয়টার্স।

চিপ অ্যাসেম্বল বা তৈরিতে সবচেয়ে বড় কারখানাগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতেই অবস্থিত। এর মধ্যে ইন্টেলের কারখানাও রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের কারণে চিপ উৎপাদন খাতে এগিয়ে যাওয়ার জন্য ভিয়েতনামের সামনে সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ইন্টেলও সেখানে ডিজাইন ও উৎপাদন কার্যক্রম বাড়ানোর কথা ভাবছে।

এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং আগামী সপ্তাহে ভিয়েতনাম সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোর মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মূলত দেশটিকে সেমিকন্ডাক্টর খাতের পরিধি বাড়ানো ও কোম্পানিগুলোর সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব বাড়ানোই এর লক্ষ্য। বিষয়টি সম্পর্কে অবগত খাতসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ সম্মেলনের মাধ্যমে এনভিডিয়া ভিয়েতনামের অন্তত একটি কোম্পানির সঙ্গে প্রযুক্তি সরবরাহ চুক্তি করবে।