উত্তর তাইওয়ানের গ্রামাঞ্চলে উন্নত চিপ কারখানা তৈরি করবে না বলে জানিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি)। এর আগে অঞ্চলটিতে চিপ নির্মাণের কারখানা তৈরি হওয়ার ঘোষণা এলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায়। কারণ অঞ্চলটিকে স্থানীয়রা কোনো শিল্প পার্ক বানাতে চায় না। খবর রয়টার্স। 

টিএসএমসি জানায়, তারা সরকার পরিচালিত সায়েন্স পার্ক প্রশাসনের সঙ্গে সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজতে কাজ করবে। তবে তাদের নজরে থাকা সম্ভাব্য বিকল্পগুলোর ব্যাপারে এখনো তারা কিছু জানায়নি। গত ডিসেম্বরে সায়েন্স পার্ক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি লংটানে এক ন্যানোমিটার চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তি বর্তমানে ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত।

তাইওয়ানের অর্থনীতি মন্ত্রী ওয়াং মেই-হুয়া জানান, টিএসএমসিকে সরকার জমি, পানি ও বিদ্যুৎ দিয়ে সাহায্য করবে। কারণ সেমিকন্ডাক্টর খাতটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। দক্ষিণের কাওশিউংয়ের মেয়র চেন মাই জানান, তার শহরে আরো সেমিকন্ডাক্টর কারখানার জন্য পর্যাপ্ত পানি, জনশক্তি ও জমি রয়েছে। এ অঞ্চলে আরো কারখানা করার ব্যাপক সুযোগ রয়েছে। এরই মধ্যে টিএসএমসি একটি ২ ন্যানোমিটার চিপ কারখানা সেখানে তৈরি করছে। 

এর আগে গত আগস্টে অ্যারিজোনার ফিনিক্সে ফ্যাব ২১ নামে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ সম্পন্ন করেছিল টিএসএমসি। এতে ২০২৪ সালের মধ্যে ৫ ন্যানোমিটারের চিপ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মাত্র ১৬ মাসের মধ্যে কারখানা নির্মাণ সম্পন্ন করেছিল টিএসএমসি। এবার ২০২৪ সালের মধ্যে চিপ উৎপাদন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। যুক্তরাষ্ট্রে ৫ ন্যানোমিটার চিপ উৎপাদন যখন শুরু হবে তখন তাইওয়ানভিত্তিক কারখানায় ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদনে যাবে টিএসএমসি। ২০২৬ সালের মধ্যে ২ ন্যানোমিটারের চিপ উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়েছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানটি।