অব্যাহত সাইবার হামলা মোকাবেলায় একটি সাইবার কমান্ড তৈরির উদ্যোগ নিয়েছে ফিলিপাইনের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। ফিলিপাইনের কংগ্রেসের নিম্নকক্ষসহ বেশ কয়েকটি সরকারি সংস্থা সম্প্রতি সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। সামরিক বাহিনীর ওপর প্রায় প্রতিদিনই দেশের বাইরে থেকে সাইবার হামলার কথা জানিয়েছেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল রোমিও ব্রাউনার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পদাতিক ব্যাটালিয়নের জন্য সেনা নিয়োগের বদলে এবার আমরা সাইবার যোদ্ধাদের নিয়োগ দেব। এক্ষেত্রে কর্তৃপক্ষের একটি সাধারণ উপলব্ধি রয়েছে। সেটি হচ্ছে সাইবার যোদ্ধাদের শক্তিশালী পেশির অধিকারী হওয়াটা খুব জরুরি নয়। ফলে বাহিনীর অন্য নিয়োগের মতো তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।’ রোমিও ব্রাউনার বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই হামলার বিষয়টি টের পাচ্ছি; যদিও এসব আক্রমণের কোনোটিই সফল হয়নি।"আমরা বিশ্বাস করি কিছু আক্রমণ এসেছে দেশের বাইরে থেকে।’
ঠিক কোন দেশ থেকে এসব হামলা চালানো হচ্ছে বা হামলাকারীরা আসলে কী চায় সে সম্পর্কে অবশ্য কিছু জানাননি জেনারেল রোমিও ব্রাউনার। তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে ফিলিপাইনের।










