এআই প্রযুক্তিনির্ভর কোড এডিটর কার্সরের ব্যবহারকারীরা সম্প্রতি একটি অদ্ভুত সমস্যার মুখোমুখি হয়। একাধিক ডিভাইসে কার্সর ব্যবহার করতে গিয়ে অনেকেই বারবার লগআউট হয়ে যাচ্ছে। বিষয়টি জানতে চেয়ে তারা কার্সরের সাপোর্ট ই-মেইলে যোগাযোগ করলে উত্তর আসে—‘একাধিক ডিভাইসে লগইন করা নিষিদ্ধ’। খবর দ্য রেজিস্টার।

কিন্তু পরে জানা যায়, উত্তরটি কোনো মানুষ নয়, বরং কার্সরের এআই সাপোর্ট বট দিয়েছে। একই সঙ্গে এও জানা যায় কথিত এ নীতিমালার কোনো অস্তিত্বই নেই। পুরোটাই ছিল বটের"হ্যালোসিনেশন অর্থাৎ কল্পনাপ্রসূত ভুল তথ্য।

প্রতিবেদন বলছে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কার্সরের সহপ্রতিষ্ঠাতা মাইকেল ট্রুয়েল রেডিটে বলেন, ‘আমাদের এ ধরনের কোনো নীতিমালা নেই। কেউ চাইলে একাধিক ডিভাইসে কার্সর ব্যবহার করতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা সেশনের নিরাপত্তা উন্নত করার জন্য একটি পরিবর্তন এনেছি। লগ আউটের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা তা আমরা তদন্ত করছি।’

ট্রুয়েল জানান, ভবিষ্যতে যাতে গ্রাহকরা বিভ্রান্ত না হন, সেজন্য এআই সাপোর্টের উত্তরগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রাহকসেবা দিতে হলে শুধু এআইয়ের ওপর নির্ভর না করে আরো পরীক্ষা-নিরীক্ষা ও মানবিক নজরদারি প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো মাঝে মাঝে ভ্রম তৈরি করে, অর্থাৎ প্রশ্নের ভুল বা কাল্পনিক উত্তর তৈরি করে ফেলে। নেচারের একটি গবেষণায় বলা হয়েছে, এ প্রবণতা পুরোপুরি বন্ধ করা যায় না, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। হাগিং ফেসের একটি বিশেষ লিডারবোর্ডেও বিভিন্ন এআই মডেলের এ ভুল করার হার তুলনা করা হয়েছে।

সসল্যাবসের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার মার্কাস মেরেল বলেন, ‘‌সাপোর্ট বটটি দুটি সমস্যায় পড়েছিল—ভুল তথ্য দেয়া এবং অনির্দিষ্ট ফলাফল। অর্থাৎ একই প্রশ্নে ভিন্ন ব্যবহারকারীরা ভিন্ন উত্তর পাওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’