মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স দিন
দিন সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে এমন
তথ্য জানিয়েছে এ সামাজিক মাধ্যমের সিইও লিন্ডা ইয়াকারিনো। খবর এনডিটিভি।
৪৫ মিনিটের এ সাক্ষাৎকারে টুইটার থেকে
রিব্র্যান্ডিং হওয়া প্লাটফর্মটির অনেক অজানা তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন সিইও।
মাত্র ১২ সপ্তাহ হলো লিন্ডা এক্সের
সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ইলান মাস্কের তত্ত্বাবধানে আসার পর থেকেই
এ প্লাটফর্মে দৈনন্দিন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে।
বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুসারে,
বর্তমানে এক্সের সক্রিয় ব্যাবহারকারীর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ। মাস্কের মালিকানা গ্রহণের
পর কমেছে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। তবে এ পরিসংখ্যান নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিন্ডা।
গত বছরের শেষ দিকে চার হাজার ৪০০ কোটি
ডলারে টুইটারের মালিকানা যায় মাস্কের হাতে। এরপর তার খেপাটে আচরণে বিভিন্ন সময়ে উষ্মা
প্রকাশ করেছন ব্যবহারকারীরা। একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে টুইটার। সর্বশেষটি
হলো নাম বদল। আর মাস্কের অধিগ্রহণের পর থেকেই এর দৈনন্দিন ব্যবহারকরীর হার আগের তুলনায়
কমেছে।
অনলাইন সংবাদমাধ্যম ম্যাশাবেলের পরিসংখ্যান
অনুযায়ী, মাস্কের মালিকানায় আসার পর দৈনিক প্রায় ৩ দশমিক ৭ শতাংশ সক্রিয় ব্যবহারকারী
হারাচ্ছে এক্স।
মাস্ক মালিকানায় আসার পর ব্যাবহারকারীর
যেই সংখ্যা প্রকাশ করেছিলেন তা আরো কম ছিল বলেও জানায় সংবাদমাধ্যমটি। এক পরিসংখ্যানে
২০২২ সালের মাঝামাঝিতে টুইটারের সক্রিয় ব্যাবহারকরীর সংখ্যা উল্লেখ করা হয় ২৫ কোটি
৯৪ লাখ। মাস্ক অধিগ্রহণের পর অন্তত ৫ দশমিক ৬ শতাংশ ব্যাবহারকারী কমেছে বলে পরিসংখ্যানে
জানানো হয়।
আরো বলা হচ্ছে, প্রতিনিয়ত দৈনন্দিন
ব্যবহারকারী হারানোয় এক্সের বিজ্ঞাপনেও ভাটা পড়েছে। তবে আগামী বছরে লাভজনক প্রতিষ্ঠান
হিসেবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন সিইও লিন্ডা ইয়াকারিনো।










