ভারতে ল্যাপটপের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল। দেশটির আটটি ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং সার্ভিস (ইএমএস) ও অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারারের (ওডিএম) সঙ্গে কাজ করবে কোম্পানিটি। খবর ইটি টেলিকম।
আটটি কোম্পানির মধ্যে ভগবতী ও ভিভিডিএনও রয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে ইন্টেল জানায়, আইটি শিল্প ইকোসিস্টেমের এন্ড-টু-এন্ড জ্ঞান নিয়ে এসে ভারতে ল্যাপটপ উৎপাদন শিল্পের একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের জন্য মূল প্রযুক্তিগত ও অপারেশনাল পরিবেশ তৈরি করা হয়েছে। এটি ইন্টেলের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের যে প্রতিশ্রুতি ছিল, তারই অংশ।
ভগবতী ও ভিভিডিএন ছাড়াও এ সহযোগিতা চুক্তির আওতায় স্থানীয় ডিক্সন টেকনোলজিস, কায়নেস টেকনোলজি, অপটিমাস ইলেকট্রনিকস, প্যানাচে ডিজিলাইফ, স্মাইল ইলেকট্রনিকস ও সিরমা এসজিএসের সঙ্গে কাজ করবে ইন্টেল। ইন্টেল ও ভারতীয় ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের মধ্যে এ সহযোগিতার লক্ষ্য দেশীয় ও বৈশ্বিক বাজারে গ্রাহকের চাহিদা মেটানো বলে সূত্রে জানা গেছে।










