ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মস ইনকরপোরেশন সম্প্রতি এনভিডিয়ার উন্মোচিত নতুন এআই চিপ ব্ল্যাকওয়েল অর্ডার করেছে চলতি বছরের শেষ নাগাদ নতুন এ চিপ পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। মেটার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমস।

এনভিডিয়া উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজের জন্য প্রয়োজনীয় জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) চিপের শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি এনভিডিয়া তাদের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে নতুন বি২০০ চিপের ঘোষণা দেয়। যার নাম দেয়া হয়েছে ব্ল্যাকওয়েল। 

এনভিডিয়ার তথ্যানুযায়ী, বি২০০ চিপটি এআই চ্যাটবটগুলোর প্রশ্নের উত্তর দেয়ার মতো কাজ ৩০ গুণ দ্রুত গতিতে করতে পারবে। তবে চ্যাটবটগুলোকে প্রশিক্ষণের ক্ষেত্রে এ নতুন চিপটি কতটা কার্যকর হবে সে বিষয়ে এনভিডিয়া এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। 

সম্প্রতি এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস বলেন, ‘আমাদের নতুন এআই চিপটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে যাচ্ছে। তবে নতুন জিপিইউর রফতানির পরিমাণ ২০২৫ সালের আগে বৃদ্ধি পাবে না।’

এদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক। এর আগে মেটা উন্নত কনটেন্ট রিকমেন্ডেশন সিস্টেম ও জেনারেটিভ এআই পণ্যের জন্য এনভিডিয়ার গত প্রজন্মের কয়েক হাজার চিপ কিনেছিল।

জানুয়ারিতে মেটার সিইও মার্ক জাকারবার্গ জানান, ২০২৪ সালের শেষ নাগাদ এইচ১০০এস নামের সাড়ে তিন লাখ চিপ আনার পরিকল্পনা রয়েছে মেটার। এছাড়া মেটা ব্ল্যাকওয়েল চিপ ব্যবহার করে তাদের লামা এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করেছে। গত সপ্তাহে মেটা জানিয়েছে, তারা বর্তমানে লামার তৃতীয় প্রজন্মকে মডেলকে দুটি জিপিইউ ক্লাস্টারে (গুচ্ছ) প্রশিক্ষণ দিচ্ছে। যার প্রতিটিতে ক্লাস্টারে প্রায় ২৪ হাজার এইচ১০০ জিপিইউ ব্যবহার করা হয়েছে।

মেটার তথ্যানুযায়ী, তাদের লামা ৩ এআই মডেলকে প্রশিক্ষণ দিতে মেটা এনভিডিয়ার আগের এইচ১০০ জিপিইউ ব্যবহার করা হবে। এর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের এআই প্রযুক্তির জন্য ব্ল্যাকওয়েল চিপটি ব্যবহার করবে মেটা।