হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আবারো সুসংবাদ দিল মেটা। মেসেজিং অ্যাপটির জন্য সম্প্রতি নতুন একটি ফিচার আপডেট আনা হচ্ছে। ‘সিক্রেট কোড’ নামে এটি চালু করা হবে। হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে গোপনীয়তা আরো সুরক্ষিত রাখতে এটি আনা হচ্ছে। খবর গ্যাজেটস নাউ।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য চালু করে দেয়া হবে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি গোপন কোড কনফিগার করতে পারবেন। যার মাধ্যমে চ্যাট লিস্ট থেকে এন্ট্রি পয়েন্ট লুকিয়ে রাখা যাবে। পরে চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোডটি লিখে আবার চ্যাট লিস্টে প্রবেশ করা যাবে।
কোড ব্যবহার ছাড়াও একটি অতিরিক্ত ফিচার যুক্ত করছে প্লাটফর্মটি। যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিং থেকে সরাসরি তাদের লক করা চ্যাটিং তালিকা মুছে ফেলতে পারবে। গ্রাহকরা গোপন কোড ভুলে গেলে ফিচারটি তাদের কাজে আসবে।
ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্যে অননুমোদিত প্রবেশ কিংবা দুর্ঘটনাজনিত এক্সপোজার থেকে রক্ষা করতে এ ফিচার আনা হচ্ছে। কোনো ব্যক্তি যদি কারো ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েও নেয়, গোপন কোড ছাড়া তাদের পক্ষে হোয়াটসঅ্যাপে সুরক্ষিত কথোপকথনে প্রবেশ করা যাবে না। পরীক্ষামূলক পর্যায় থেকে ইতিবাচক ফল পাওয়ার পর সাধারণ ব্যবহারকারীর জন্য এটি আনা হবে।










