স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী
ইলোন মাস্ক বলেছেন, আগামী ৩-৪ বছরের মধ্যে মঙ্গল গ্রহে তার সংস্থার মহাকাশযান অবতরণ
করবে।
আনাদোলু এক প্রতিবেদনে জানায়, আজারবাইজানের
বাকুতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ভার্চুয়াল বক্তৃতার সময় গত বৃহস্পতিবার
(৫ অক্টোবর) মন্তব্যটি করেন এ টেক বিলিয়নেয়ার।
ওই আয়োজনে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল
ফেডারেশনের সভাপতি ক্লে মাউরির সঙ্গে এক ঘণ্টার প্রশ্নোত্তর সেশনে যুক্ত হন মাস্ক।
স্টারশিপ কখন মঙ্গলে ক্রুবিহীন অবতরণ
করতে পারে- এ প্রশ্নে টেসলা বস উত্তর দেন, ‘আমি মনে করি তিন বা চার বছর।’
রূপকের মাধ্যমে স্টারশিপের সম্ভাব্য
ক্ষমতা সম্পর্কে ধারণা দেন মাস্ক। তিনি বলেন, সকালের নাশতা লস অ্যাঞ্জেলসে, লন্ডনে
মধ্যাহ্নভোজ, সিঙ্গাপুরে রাতের খাবার ও আবার ঘুমানোর সময় লস অ্যাঞ্জেলসে ফিরে আসার
মতো পরিস্থিতি।
আরো বলেন, আমি মনে করি আগামী চার বছরের
মধ্যে সেখানে একটি ক্রুবিহীন পরীক্ষামূলক অবতরণ করা সম্ভব হবে।
মাস্ক অবশ্য তার লক্ষ্যে পৌঁছাতে তাড়াহুড়ো
করতে চান না। বরং ভবিষ্যতে মানুষ নিয়ে মঙ্গলে মহাকাশযান অবতরণের মতো প্রেক্ষাপট তৈরিই
এখনকার মূল কাজ।










