ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিভিন্ন ফিচার আনছে। এসব প্লাটফর্মের মধ্যে অন্যতম ইনস্টাগ্রাম। প্লাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরির তথ্যানুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করা হচ্ছে। যার মাধ্যমে যেকোনো ব্যবহারকারীর পোস্টে তার বন্ধুরাও ছবি যুক্ত করতে পারবে। খবর গ্যাজেটস নাউ।
কোনো ব্যবহারকারী যদি ছবি পোস্ট করতে চায় তখন ফিচারটি ফলোয়ার বা লিস্টে থাকা বন্ধুদেরও ছবি-ভিডিও পোস্ট করার সুবিধা দেবে। ইনস্টাগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মোসারি জানান, নতুন ফিচার পরীক্ষা করা হচ্ছে। প্লাটফর্ম এমনটি একটি পরীক্ষণ পদ্ধতি বের করেছে যার মাধ্যমে যেকোনো পোস্টে ফলোয়ার বা বন্ধুরা যুক্ত হতে পারবে। কোনো কিছু পোস্ট করার আগে ব্যবহারকারী ফলোয়ারদের পোস্ট করার সুবিধা চালু করতে পারবে।
বন্ধু বা ফলোয়াররা কোনো কিছু পোস্ট করলেই যে তা পোস্টে যুক্ত হয়ে যাবে বিষয়টি তেমন নয়। পোস্টে যুক্ত হওয়ার আগে অথর বা পোস্টদাতা আলাদাভাবে সব ছবি-ভিডিও যাচাই করার সুবিধা পাবেন। ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করেছে মোসেরি। সেখানে দেখা যায়, কোলাবরেটিভ ক্যারোসালে বামে নিচের দিকে অ্যাড টু পোস্ট নামের একটি বাটন থাকবে।
ভ্রমণের সময় এ ফিচারটি সবাইকে বেশি সুবিধা দেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সে সময় গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকে এবং ছবি তোলা থাকে। অনেক সময় একত্রে ভ্রমণে গেলেও সব ছবি পাওয়া যায় না। সেদিক থেকে ফিচারটি সবার ছবি এক জায়গায় নিয়ে আসতে সহায়ক হবে। এছাড়া ফলোয়ার বা অন্যদেরও এ সুবিধা দেয়া যাবে। এর মাধ্যমে বিখ্যাত জায়গা ভ্রমণের সময় তোলা ছবি সব এক জায়গায় চলে আসবে।










