কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নির্মিত কনটেন্টের পরিমাণ দিন দিন বাড়ছে। এআই প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে এআই নির্মিত ছবি, ভিডিও বা অডিও এখন চিহ্নিত করা বেশ কঠিন হয়ে পড়েছে। এ কারণে সম্প্রতি ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে এআই দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিতকরণে নতুন নিয়ম চালু করছে। খবর এনগ্যাজেট। 

প্রতিদিন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে লক্ষাধিক ভিডিও আপলোড হয়। এসব ভিডিও দেখে কোটি দর্শক। সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি কনটেন্ট আপলোড হচ্ছে ইউটিউবে। এ ধরনের ভিডিওকে চিহ্নিত করতে এবং ইউটিউব প্লাটফর্মের স্বচ্ছতা বাড়াতে এআইয়ের মাধ্যমে তৈরি কোনো ভিডিও আপলোড দেয়ার ক্ষেত্রে কিছু নিয়ম এনেছে ইউটিউব। এর ফলে কোনটি এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্ট বা কোনটি অরিজিনাল ভিডিও তা দর্শক সহজে চিনতে পারবে।

এখন থেকে যদি কোনো ক্রিয়েটর ভিডিওতে কোনো ব্যক্তির ভয়েস ব্যবহারের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেয় তাহলে তা আপলোডের সময় এআই নির্মিত লেবেল দিয়ে চিহ্নিত করতে হবে। এছাড়া ভিডিওর কোনো ফুটেজ বা ক্লিপে এআই দিয়ে এডিট করা ছবি বা ফুটেজ যুক্ত করা হলে সেক্ষেত্রেও আপলোডের সময় এআই ট্যাগ ব্যবহার করতে হবে।

ইউটিউব কর্তৃপক্ষ জানায়, কনটেন্ট ক্রিয়েটররা যদি নিজে থেকে এআই কনটেন্ট ট্যাগ ব্যবহার না করে তবে ইউটিউব এআই ট্যাগ দিয়ে দেবে সেসব কনটেন্টে। কারণ এআই নির্মিত বা এআইয়ের মাধ্যমে এডিট করা কনটেন্ট দর্শকদের ভুল ধারণা দিতে পারে। ইউটিউব আরো জানায়, প্রাথমিক পর্যায়ে তারা ক্রিয়েটরদের কিছুটা সময় দেবে ইউটিউব। তবে যদি ক্রিয়েটররা নতুন নিয়ম না মানে তখন ইউটিউব শাস্তিমূলক ব্যবস্থা নেবে। নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।