ব্যবহারকারীদের জন্য নতুন সব ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার ভিডিও কলিংয়ে নতুন সুবিধা যুক্ত করার কথা ভাবছে মেসেজিং প্লাটফর্মটি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে, ভিডিও কলের মধ্যে মিউজিক অডিও বা গান শেয়ার করার ফিচার নিয়ে কাজ করছে প্লাটফর্মটি। খবর গ্যাজেটস নাউ।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ফিচারটির মাধ্যমে ভিডিও কলে থাকার সময় স্ক্রিন শেয়ারিং অপশনের মাধ্যমে গান অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক। তাই কবে নাগাদ এটি ব্যবহারকারীদের কাছে পৌঁছবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালুতে কাজ করছে। যার মাধ্যমে ভিডিও কলে অংশগ্রহণকারীরা কারো স্ক্রিন শেয়ার করা হলে অডিও শুনতে পারবে। এমনকি কেউ যদি অডিও প্লেয়ারে গান শোনে এবং স্ক্রিন শেয়ার করে তাহলেও সবাই শুনতে পারবে।

ফিচারটি মূলত মাল্টিমিডিয়া কোলাবোরেশনকে সমর্থন করে। যে কারণে ভিডিও কলে থাকা অবস্থায় স্ক্রিন শেয়ার করলে অডিও ভিডিও সবই দেখা ও শোনা যাবে। এটি একই সময়ে সবার সঙ্গে কোয়ালিটি মিডিয়া কনটেন্ট শেয়ার করার সুযোগ দেয়।