বাংলাদেশের বাজারে নতুন দুই মডেলের স্মার্টওয়াচ নিয়ে এসেছে কিসিলেক্ট। কিসিলেক্ট কেআর-২ ও কিসিলেক্ট কেএস-২ নামে ডিভাইস দুটি বাজারে প্রবেশ করেছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে স্মার্টওয়াচ দুটি উন্মোচন করা হয়। এগুলোর বিক্রি ও বিপণন করবে ব্র্যান্ডটির বাংলাদেশের পরিবেশক মোশন ভিউ লিমিটেড।  

ডিজাইন এওয়ার্ড জয়ী কিসিলেক্ট কেআর-২ স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চি আকারের গোলাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ঘড়িটির অন্যতম বিশেষত্ব হচ্ছে, এটি বাংলা সাপোর্ট করে। এর ৩৬০ এমএএইচ ব্যাটারি, ফুল চার্জে ভারী ব্যবহারে চার-পাঁচ দিন চলবে এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ব্যাকআপ দেবে।

এক বছরের ওয়ারেন্টিসহ স্মার্টওয়াচটির দাম ৮ হাজার ৮৯৯ টাকা। স্টেইনলেস স্টিল ও ব্ল্যাক দুটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ওয়াচটি।

চারকোনা আকারের ও অপেক্ষাকৃত বড় ডিসপ্লে পছন্দ করেন—এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে কিসিলেক্ট কেএস-২ মডেলটিতে ২ দশমিক শূন্য ১ ইঞ্চি আকারের বর্গাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্মার্টওয়াচটিতে থাকছে নীল-কালো সংমিশ্রণের ম্যাগনেটিক স্ট্রাপ। এর দাম ৮ হাজার ৮৯৯ টাকা।