সিডস ফর দ্য ফিউচার ২০২৩-এ অংশগ্রহণকারীদের মধ্যে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। 

সম্প্রতি রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

সিডস ফর দ্য ফিউচারের গ্লোবাল কম্পিটিশন রাউন্ড টেকফরগুডে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ ৩ সিডসদের বিজয়ী নির্বাচন করা হয়েছে। এ বছরের প্রতিযোগিতার সেরা তিনজন বিজয়ী হলেন রুয়েটের সিএসই বিভাগের বরিশা চৌধুরী; আইইউটির বিটিএম বিভাগের সুবেহ তারেক (প্রথম রানার আপ) এবং বুয়েটের এমই বিভাগের ফারশিয়া কাওসার চৌধুরী (২য় রানার আপ)। বিজয়ীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পেয়েছেন একটি হুয়াওয়ে ল্যাপটপ এবং রানার আপ দুজনকে হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ দেয়া হয়েছে। এছাড়া শীর্ষ ১০ অংশগ্রহণকারীকে হুয়াওয়ে থেকে একটি করে সমাপনী সনদ প্রদান করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘আমি বিশ্বাস করি, সিডস ফর দ্য ফিউচারের সব বিজয়ী তরুণ আমাদের দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামটি উল্লেখযোগ্যভাবে আইসিটিতে আগ্রহী তরুণদের দক্ষতা বিকাশ করছে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য দক্ষতার নানা ক্ষেত্র তৈরি করেছে।’ হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং বলেন, ‘অসাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সব সিডস তাদের সৃজনশীলতা দেখিয়েছে, যা এসব তরুণ প্রতিভাকে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রোগ্রামটির সাফল্যকেই প্রতিফলিত করে।’