উইন্ডোজ ১১-এর জন্য আউটলুকের নতুন সংস্করণ আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। পরীক্ষামূলক পর্যায়ে থাকা সংস্করণটিতে যুক্ত হবে অফলাইন সাপোর্ট সুবিধা। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর গিজচায়না।

আউটলুকের নতুন সংস্করণে যুক্ত হবে আধুনিক ডিজাইন। ব্যবহারকারীরা সেখানে নিজেদের পছন্দমতো পরিবর্তন আনতে পারবেন। সংস্করণটির পূর্ণ সুবিধা পেতে হলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তবে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিছু ফিচার ব্যবহারকারীর সামনে আসবে। এজন্য বিদ্যমান কিছু ফিচারকে অফলাইনে যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদাহরণস্বরূপ, ইন্টারনেট সংযোগ না থাকার পরও কাজ করবে ক্যালেন্ডার। 

মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ অনুসারে, নতুন সংস্করণটির অফলাইন কার্যক্রম নিয়ে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযুক্তি না থাকার পরও ই-মেইল, ক্যালেন্ডার, কন্টাক্ট এবং অন্যান্য ফিচারে প্রবেশ করতে পারবে। বর্তমান সংস্করণে এগুলোর জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হয়। এছাড়া সার্ভিস ওয়ার্কার পরিষেবাও পাওয়া যাবে। সার্ভিস ওয়ার্কার হলো ইন্টারনেট ও ওয়েব অ্যাপের মধ্যবর্তী পরিষেবা। ব্যবহারকারী যখন অনলাইনে থাকে, তখন পরিষেবাটি তার তথ্য ও ফাইল সংরক্ষণ করে রাখে। পরবর্তী সময়ে ইন্টারনেট সংযোগ না থাকলেও সে সংরক্ষিত তথ্যে প্রবেশ করা যাবে। আউটলুক ই-মেইল অ্যাপ্লিকেশনের পাশাপাশি ক্যালেন্ডার, টাস্ক ম্যানেজার, কন্ট্যাক্ট ম্যানেজার, নোট নেয়া, জার্নাল ও ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ব্যবসা ও সাংগঠনিক ক্ষেত্রে আউটলুকের ব্যবহার সর্বাধিক। অফলাইন সুবিধা কার্যকর হলে গ্রাহকরা ইন্টারনেট সংযুক্তির ফি এবং ইন্টারনেট কানেকশন না থাকার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবে।