ব্লেন্ড নামে নতুন একটি ফিচার এনেছে মেটা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম। গত সপ্তাহান্তে চালু হওয়া ফিচারের সাহায্যে দুজন ব্যবহারকারী একসঙ্গে একটি রিলস ফিড তৈরি করতে পারবে। এর মাধ্যমে দুই বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যরা মিলে একটি ব্যক্তিগত রিলস ফিড শেয়ার করবে। ফিডটি কেবল দুজন বা গ্রুপের জন্যই তৈরি ও একেবারেই ব্যক্তিগত। খবর ইন্ডিয়া টুডে।

ইনস্টাগ্রাম বলছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহার আরো মজাদার করে তুলতে এমন সুবিধা এনেছে মেটা। ব্লেন্ড চালু করতে প্রথমে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলতে হবে এবং স্ক্রিনের ওপরের দিকে থাকা নতুন ব্লেন্ড আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘ইনভাইট’ অপশন সিলেক্ট করে ব্যবহারকারী চ্যাটে থাকা যাদের ব্লেন্ডে যুক্ত করতে চায়, তাদের নির্বাচন করবে।

আমন্ত্রণ গ্রহণের পর অন্তত একজন সদস্য যুক্ত হলেই ব্লেন্ড ফিচারটি সক্রিয় হবে। একবার ব্লেন্ড চালু হলে ইনস্টাগ্রাম প্রতিদিন দুজনের পছন্দ অনুযায়ী নতুন নতুন রিলস প্রদর্শন করবে, যা শুধু তারাই দেখতে পারবে। গ্রুপের কেউ যদি কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো ব্যক্তি একটি নোটিফিকেশন পাবে। এছাড়া ব্লেন্ড ফিচারটি বন্ধ করলে সংশ্লিষ্ট রিলস ফিড থেকে ব্যবহারকারীকে সরিয়ে দেয়া হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ফিচারটি নিয়ে এক বছর ধরে কাজ করছে প্লাটফর্মটি।