ছবির সুরক্ষায় ভিউ ওয়ানস ফিচার চালু করে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার ভয়েস মেসেজেও এ ফিচার চালু করেছে প্লাটফর্মটি। ফলে যাকে পাঠানো হবে সে একবারের বেশি অডিও শুনতে পারবে না। খবর গিজচায়না।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথম ভিউ ওয়ানস ফিচার আনার ঘোষণা দেয়। এ আপডেটের মাধ্যমে মেসেজ, ছবি ও ভিডিওতে ভিউ ওয়ানস ফিচার ব্যবহার শুরু হয়। ভয়েস মেসেজে ফিচারটি ব্যবহারের কারণে মেসেজ পাঠানোর পর প্রাপকের কাছে ওয়ান টাইম আইকন ভেসে উঠবে এবং মেসেজটি একবার শোনা যাবে বলে সতর্কবার্তা দেবে।
হোয়াটসঅ্যাপ থেকে ডিসঅ্যাপিয়ারিং বা ভিউ ওয়ানস ভয়েস মেসেজ পাঠানো সহজ। প্রথমে যে গ্রুপ বা যাকে মেসেজ দেয়া হবে তার সঙ্গে কথোপকথনের ট্যাব খুলতে হবে। এরপর মাইক্রোফোন আইকনে ক্লিক করে ওপরের দিকে নিয়ে গেলে লকড মোড আসবে। সেখান থেকে ভয়েস মেসেজ রেকর্ড করতে হবে এবং ভিউ ওয়ানস আইকনে ক্লিক করতে হবে।
রেকর্ডিং পার্ট শেষ হওয়ার পর সেন্ড বাটন চাপলেই ফাইলটি চলে যাবে। এ ফিচারটি যে বেশি মাত্রায় সুরক্ষা দেবে তা নয়। এছাড়া ভয়েস মেসেজ ফাইল দ্বিতীয়বার শোনা যাবে না এমন বিষয়ও নেই। উদাহরণস্বরূপ, অ্যান্ড্রয়েডের যে নিজস্ব স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটি ভিউ ওয়ানস ফিচার চালু থাকলেও অডিও রেকর্ড করতে পারবে। ফলে যে কেউ সেখান থেকে অডিও শুনতে পারবে।










