শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে স্বাগতিকদেরই খুশি থাকার কথা। দিনের খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশকে অলআউট করে ১ উইকেটে ১০০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দল। ফেরার পরও দুর্দান্ত ব্যাটিং করতে থাকে তারা। ৪৮ ওভারে সিংহলিজরা তুলে নেয় দুশ রান। এ পথে পাথুম নিশাঙ্কা সেঞ্চুরি ও দিনেশ চান্দিমাল সেঞ্চুরি করেন।

দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন বাকি ১ উইকেটে ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে শূন্যতে আউট হন নাহিদ রানা। ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।

বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন। শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ৮৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বেশ ইতিবাচক লংকান টপ অর্ডার। ওভার পিছু ৪-এর কাছাকাছি রান তুলেছে তারা। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২৯ রানের মাথায় ওপেনার লাহিরু উদারাকে প্যাভিলিয়নে পাঠান এই অর্থোডক্স স্পিনার। দলীয় ৪৭ রানের মাথায় পতন ঘটে প্রথম উইকেটের।