ব্রাজিলের ফ্লামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা রোববার প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়ে দেয় লিওনেল মেসির ইন্টার মায়ামিকে।
ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করে বায়ার্নকে জিতিয়েছেন। তিনি করেছেন মৌসুমে নিজের ৪০ ও ৪১তম গোল। ১১ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা ফ্লামেঙ্গো ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে পড়ে। চিলিয়ান মিডফিল্ডার এরিক পুলগার নিজেদেরই জালে বল জড়িয়ে দেন। এর তিন মিনিট পর জসুয়া কিমিখের পাস থেকে বুলেট গতির নিচু শটে ব্যবধান ২-০ করেন কেন। ৩৩ মিনিটে ব্যবধান কমান গারসন। এর আট মিনিট পর আবারও এগিয়ে যায় বায়ার্ন। দূরপাল্লার শটে ফ্লামেঙ্গোর গোলকিপার অগাস্টিন রোসিকে পরাস্ত করেন বায়ার্ন স্ট্রাইকার লিও গোরেৎজকা।
ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি শটে বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে বিভ্রান্ত করেন আর্সেনাল ও চেলসির সাবেক মিডফিল্ডার জর্জিনহো (২-৩)। এতে ম্যাচে উত্তেজনা তৈরি হলেও তাতে জল ঢালেন কেন। ম্যাচ শেষ হওয়ার ১৮ মিনিট আগে দারুণ ফিনিশিংয়ে গোল করে তিনি বায়ার্নের জয় নিশ্চিত করেন (৪-২)।
ফ্লামেঙ্গো আগের ১১ ম্যাচে মাত্র পাঁচ গোল হজম করলেও রোববার রাতে এক ম্যাচেই তাদের জালে চারবার জড়াল বল। বায়ার্নও আছে উত্তুঙ্গ ফর্মে। চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় ১৫৪ গোল করল বাভারিয়ানরা।
শনিবার রাত ১০টায় পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। এদিকে, বৃহস্পতিবার ব্রাজিলিয়ান সিরি-এ লিগে সান্তোসের মুখোমুখি হবে ফ্লামেঙ্গো, যারা এ মুহূর্তে টেবিলের এক নম্বরে অবস্থান করছে।
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে ব্রাজিলের ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এছাড়া আগামীকাল সকালে সৌদি আরবের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে ইংলিশ দল ম্যানচেস্টার সিটি।










