লাঞ্চের আগে ৮ উইকেটের পতন হলেই ম্যাচ হেলে পড়ে ইংলিশদের দিকে। যদিও হার মানতে চাচ্ছিলেন না রবীন্দ্র জাদেজা। তিনি লড়াই চালিয়ে যান শেষ মিনিট পর্যন্ত। জাদেজা হারলেনও না, আউটও করতে পারেনি কেউ। যদিও জেতেনি ভারত। মোহাম্মদ সিরাজ শেষ ব্যাটার হিসেবে শোয়েব বশিরের শিকারে পরিণত হলে স্নায়ুক্ষয়ী লড়াইশেষে ম্যাচটি ২২ রানে জিতে নেয় ইংল্যান্ড। ১৭০ রানে অলআউট ভারত। এতে বিফলেই যায় জাদেজার ৬১ রানের লড়াকু ইনিংস। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে দুই দলই ৩৮৭ রানে অলআউট! ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করেও স্বস্তিতে ছিল না ভারতীয়রা। তারা ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৮ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। আজ পঞ্চম ও শেষ দিন ভারতের লাগতো ১৩৫ রান, আর ইংল্যান্ডের ৬ উইকেট। যদিও সকালে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত লাঞ্চে যায় ৮ উইকেটে ১১২ রান নিয়ে। তখনো তাদের প্রয়োজন ৮১ রান, হাতে ২ উইকেট।

৮২ রানে সপ্তম উইকেট পতনের পর নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে ৯১ বল মোকাবেলা করে ৩০ রান যোগ করে ভারতের আশা বাঁচিয়ে রাখেন জাদেজা। লাঞ্চের আগ মুহূর্তে নিতিশকে হারায় ভারত। এরপর জশপ্রীত বুমরাহকে নিয়ে ১৩২ বলে ৩৫ ও সিরাজকে নিয়ে ৮০ বলে ২৩ রান যোগ করে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান জাদেজা। যদিও শেষ হাসিটা হাসলেন বেন স্টোকসরাই। ৭৫তম ওভারে শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে যান সিরাজ। এর সঙ্গে সঙ্গে জয়োল্লাস শুরু হয়ে যায় ইংলিশদের। লর্ডসের সবুজ গালিচায় এ যেন বাধনহারা আনন্দ স্টোকস, জো রুটদের। এমন টেস্ট, এমন লড়াই সচরাচর কমই দেখা গেছে। তাইতো স্টোকসদের উদযাপন পায় বাড়তি মাত্রা।

এর আগে বিনা উইকেটে ২ রান নিয়ে রোববার চতুর্থ দিন মাঠে নামা ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে দেয় ভারত। স্পিনার ওয়াশিংটন সুন্দর ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন। নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপের শিকার একটি করে উইকেট। জো রুট ৪০ ও বেন স্টোকস ৩৩ রান করেন।

AP25195578393115 (2)

রান তাড়া করতে নেমে ৫ রানেই ওপেনার জশস্বী জয়সোয়ালকে হারায় ভারত। জোফরা আর্চারের বলে জেমি স্মিথকে ক্যাচ দেন তিনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৩৩*) দলকে টানছিলেন, যদিও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি করুণ নায়ার (১৪), শুবমান গিল (৬) ও নাইটওয়াচম্যান আকাশ দীপ (১)।

দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৩৩ রান এবং ম্যাচে ৫ উইকেট, আর প্রথম ইনিংসে ঋষভ পন্তকে রানআউট করা বেন স্টোকসই হয়েছেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’।

২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। এরপর ৩১ জুলাই ওভালে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২। ভারত: ৩৮৭ ও ১৭০ (জাদেজা ৬১*, লোকেশ ৩৯; স্টোকস ৩/৪৮, আর্চার ৩/৫৫)। ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী। সিরিজ: ইংল্যান্ড ২-১-এ এগিয়ে। প্লেয়ার অব দ্য ম্যাচ: বেন স্টোকস (ইংল্যান্ড)।