সদ্যই এএফসি নারী এশিয়া কাপের মূল পর্বে উঠে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এক বার্তায় এ কথা জানিয়েছেন।

এনএসসির বার্তায় বলা হয়েছে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

এবারই প্রথম নয়। গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এদিকে, এশিয়ান কাপের বাছাইপর্বের মিশন শেষে রোববার গভীর রাতে ঢাকায় ফেরার পর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের দুই তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার সকাল ৭টার ফ্লাইটে ভুটান রওনা হবেন বলেই গভীর রাতে সংবর্ধনার আয়োজন করা হয়। তারা দুজন ভুটানের ক্লাব পারো এফসিতে খেলেন।