ফিফা ক্লাব বিশ্বকাপে ৩২ দলের লড়াইটা নেমে এসেছে চার দলে। আর তিন ম্যাচ শেষেই শিরোপার নিষ্পত্তি। মঙ্গলবার প্রথম সেমিফাইনালের ইংল্যান্ডের চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। দর্শক খরার কথা মাথায় রেখে এ ম্যাচের টিকিটের দাম ৪৭৩.৯০ ডলার থেকে কমিয়ে মাত্র ১৩.৪০ ডলার করেছে ফিফা!
বুধবার একই ভেন্যুতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম অবশ্য ১৯৯.৬০ ডলার রাখা হয়েছে। এবারের আসরে অনেক ম্যাচেই ছিল দর্শকখরা। যদিও ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। তাদের পাঁচ ম্যাচের প্রতিটিতেই ৬০ হাজারের বেশি দর্শক হয়েছে। সর্বশেষ নিউ জার্সিতে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের ম্যাচে ৭৬ হাজার ৬১১ জন দর্শক খেলা দেখেছেন। এ কারণেই রিয়ালের ম্যাচের টিকিটের দাম অতটা কমানো হয়নি।
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে দর্শকখরা নিয়ে অনেক সমালোচনা হয়। অরল্যান্ডোতে আল হিলাল ও ফ্লুমিনেন্স ম্যাচে এবং ফিলাডেলফিয়ায় চেলসি ও পালমেইরাস ম্যাচের টিকিটের দাম কমিয়ে ১১.১৫ ডলার করেছিল ফিফা।
কোয়ার্টার ফাইনালে চেলসি ২-১ গোলে হারায় ব্রাজিলের পালমেইরাসকে। ইংলিশ জায়ান্টরা ব্রাজিলের ক্লাবকে হারিয়ে সামনে পেয়েছে আরেক ব্রাজিলীয় ক্লাবকে। ফ্লুমিনেন্স ২-১ গোলে হারায় এশিয়ার প্রতিনিধি সৌদি আরবের ক্লাব আল হিলালকে।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান ইউরোপসেরা পিএসজি। শেষ আটের আরেক ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডকে।










