ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে একই দিনে ইউরোপের দুই পরাশক্তি ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির বিদায় ঘটেছে। সোমবার রাতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিলের ফ্লুমিনেন্স। আজ মঙ্গলবার সকালে শেষ ষোলোর আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এদিকে, অঘটনের মধ্যেই আজ রাতে ইতালির জুভেন্টাসের মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। বুধবার সকালে শেষ ষোলোর শেষ ম্যাচে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে মেক্সিকোর মন্তেরেই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে গুঁড়িয়ে দেয় ম্যানসিটি। ওই ম্যাচে সিটির দাপট ছিল চোখে পড়ার মতো। তারা প্রায় ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে। অথচ সেই দলটিকে এবার হারিয়ে দিল আল হিলাল।
প্রায় প্রতি ম্যাচে প্রচুর গোল করা ম্যানসিটি আজও শুরুর ১০ মিনিটের মধ্যে গোল পেয়ে যায়। পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা নবম মিনিটে সিটিকে এগিয়ে দেন। ব্রাজিলীয় স্ট্রাইকার মার্কোস লিওনার্দো ৪৬ মিনিটের সময় সমতা আনেন। ম্যাচের ৫২ মিনিটে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল। এর তিন মিনিট পর আরলিং হালান্ড সততা আনেন। এভাবেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
অতিরিক্ত সময়ের খেলায় আল হিলালকে আরেকবার এগিয়ে দেন সেনেগালিজ সেন্টার ব্যাক কালিদু কুলিবালি (৩-২)। ম্যাচের ৯৪তম মিনিটে শক্তিশালী হেডে গোলটি করেন তিনি। বদলি খেলোয়াড় ফিল ফডেন ম্যাচের ১০৪ মিনিটে গোল করে সিটির আশা বাঁচিয়ে রাখেন। ১১২ মিনিটে সেই মার্কোস আবারও গোল করলে আল হিলালের জয় নিশ্চিত হয়ে যায়।

ফ্লুমিনেন্স খেলোয়াড়দের গোল উদযাপন
এর আগে জার্মান কানো ও হারকিউলিসের গোলে ইন্টারকে হারায় ফ্লুমিনেন্স। তৃতীয় মিনিটে কানো ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হারকিউলিস গোল করেন।
শুক্রবার রাত ১টায় কোয়ার্টার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স। ওইদিন আরেক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের দল চেলসির প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস। অল-ইউরোপীয় লড়াই হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যে। আর শেষ কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।










