ফিফা ক্লাব বিশ্বকাপে ৩২ দলের লড়াইটা এখন নেমে এসেছে ৮ দলে। এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার রাতেই শুরু হচ্ছে শেষ আটের উত্তাপ। কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, পালমেইরাস ও আল হিলাল।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আল হিলাল। শেষ ষোলোয় ফ্লুমিনেন্স ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালির ইন্টার মিলানকে। আর আল হিলালের শিকার ইউরোপীয় জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ৪-৩ গোলে পেপ গার্দিওলার দলকে হারায় সৌদি আরবের ক্লাবটি।

শনিবার সকালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি। শেষ ষোলোয় চেলসি হারায় অ্যাঞ্জেল ডি মারিয়াদের বেনফিকাকে এবং পালমেইরাস হারায় লাতিন চ্যাম্পিয়ন বোটাফোগোক।

শনিবার রাত ১০টায় হাইভোল্টেজ ম্যাচে লড়বে দুই ইউরোপীয় জায়ান্ট পিএসজি ও বায়ার্ন। বর্তমান ইউরোপসেরা দল পিএসজি ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় লিওনেল মেসির ইন্টার মায়ামিকে। জার্মান দল বায়ার্ন মিউনিখ ৪-২ গোলে হারায় ব্রাজিলের ফ্লামেঙ্গোকে। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ও জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি শুরু হবে রোববার সকাল ৭টায়। শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ১-০ গোলে ইতালির ক্লাব জুভেন্টাসকে ও ডর্টমুন্ড ২-১ গোলে মেক্সিকোর মন্তেরেইকে হারায়।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ

ফ্লুমিনেন্স-আল হিলাল, শুক্রবার রাত ১টা

পালমেইরাস-চেলসি, শনিবার সকাল ৭টা

পিএসজি-বায়ার্ন, শনিবার রাত ১০টা

রিয়াল মাদ্রিদ-ডর্টমুন্ড, রোববার সকাল ৭টা