বাংলাদেশ সফরে আসা পাকিস্তান টি-টোয়েন্টি দলটি নতুনে ভরা। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলা পাকিস্তান দলে ছিলেন না বর্তমান অধিনায়ক সালমান আগা। এমনকি সাড়ে তিন বছর আগের সেই সিরিজে পাকিস্তান দলের বেশিরভাগ খেলোয়াড়ই নেই এবারের স্কোয়াডে। তবু আত্মবিশ্বাসী পাকিস্তান দল। তারা বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
পাকিস্তানের ১৫ জনের স্কোয়াডে ৯ জনই বিপিএলে খেলেছেন। ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ বিপিএল খেলে গেছেন। গতকাল সংবাদ সম্মেলনে সালমান আগা এ নিয়ে বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’
পাকিস্তান টি-টোয়েন্টি খেলার ধরণে পরিবর্তন আনায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা গত বছর ডিসেম্বরের পর থেকে নেই এ সংস্করণের দলে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সালমান আগা বলেন, ‘পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছেন। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি-টোয়েন্টি প্রতিবছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যে খেলোয়াড়রা আছে, তারা খুবই ভালো আর রোমাঞ্চকর।’
ঢাকায় গত কয়েকদিন ছিল টানা বৃষ্টি, এখন ঝলমলে রোদ, গরমও বেশ। এমন কন্ডিশন নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের খেলার ধরণ বদলেছি। এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ। আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো), তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ী খেলব। আমাদের লক্ষ্য (মাঠের) গড়ের চেয়ে ১০-১৫ রান বেশি করা। যখন আমরা বল করব, তখন (প্রতিপক্ষ) দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’
রোববার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।










