গ্লোবাল সুপার লিগের জন্য সাকিব আল হাসানকে চেয়েছিল রংপুর রাইডার্স। যদিও ‘রাজনৈতিক’ পরিস্থিতির কারণে তাকে দলে টানতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটি। এ সুযোগ কাজে লাগিয়ে সাকিবকে দলে নেয় দুবাই ক্যাপিটালস। বৃহস্পতিবার রাতে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে আসরের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছেন সাকিব।

sakib in GSL

ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলে দুবাইকে ১৬৫ রানের পুঁজি এনে দিতে ভূমিকা রাখেন সাকিব। ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা মারেন তিনি। এছাড়া সাদিকুল্লাহ আতাল করেন ২৫ বলে ৪১ রান। হেসে বুতান ১১ বলে করেন ২০ রান। এরপর বল হাতে জাদু দেখান সাকিব। ৪ ওভারে মাত্র ১৩ রানের খরচায় নেন ৪ উইকেট। সেন্ট্রাল ৮ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয়।

আজ শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে এ জয়ের নায়ক পেসার খালেদ আহমেদ। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর। কাইল মায়ার্স ৩১ বলে ৪৪, সৌম্য সরকার ৩৬ বলে ৩৫ ও ইফতিখার আহমেদ ২১ বলে ৩৪ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা। খালেদ একাই নেন ৪ উইকেট। এছাড়া তাবরিজ শামসি ও আজমতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে সাকিবের দুবাই ক্যাপিটালস। আর শনিবার ভোর ৫টায় গায়ানা মাঠে নামছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে। রংপুরের পরের ম্যাচ হোবার্ট হারিকেনসের বিপক্ষে রোববার রাত ৮টায়।