মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার পাকিস্তানের বিপক্ষে ১১১ রান তাড়া করতে নেমে ৭ রানে ২ উইকেট পড়ে যায় বাংলাদেশের। এরপরও ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে অবিশ্বাস্য জয় পায় স্বাগতিকরা। টাইগারদের এ জয়ের অন্যতম রূপকার পারভেজ হোসেন ইমন। তিনি ৩৯ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

দলকে জেতানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমন বলেন, ‘আমাদের দল জেতায় অবশ্যই খুশি। আমি সত্যিই অনেক খুশি।’ বিপর্যয়ের পর ইনিংস পুনর্গঠন করতে পারার অনুভুতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ইতিবাচক থাকতে চেয়েছি এবং সিঙ্গেল নেয়ার দিতে মনোযোগী হয়েছি। আবার যখন আমি ছক্কা মেরেছি তখন কিন্তু দারুণ উপভোগও করেছি।’

জয় শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘মিরপুরে অনেক খেলেছি বলে এখানের উইকেট সম্পর্কে আমরা ভালো করেই জানি। এখানে ব্যাট করা সহজ নয়, কিন্তু আমরা যেভাবে ব্যাট করেছি তা দারুণ ছিল। সম্ভবত শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল ভালোভাবে ব্যাটে আসছিল। এর আগে আমরা দারুণ বোলিং করেছি, আর দ্রুত উইকেট নিতে পেরেছি। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’