ডাম্বুলায় আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তুলেছে লিটন দাসের দল।
প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ইমন বোল্ড হয়ে যান নুয়ান তুষারার বলে, আর বিনুরা ফার্নান্দোর বলে তানজিদ ডিপ স্লিপে ক্যাচ দেন পেরেরাকে। শুরুর বিপর্যয় সামাল দিয়ে ৮.২ ওভারে ৫০ রান তুলে নেয় বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয় টানেন দলকে। দাসুন শানাকার বলে লিটন দাস ছক্কা মারলে পঞ্চাশ পূর্ণ হয় অতিথি দলের।
বিনুরা ফার্নান্দোর করা ১২তম ওভারের প্রথম বলে পেরেরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হৃদয়। ২৫ বলে ৩১ রান করেন তিনি। এর মধ্য দিয়ে লিটনের সঙ্গে তার ৫৫ বলে ৬৯ রানের মূল্যবান জুটিটাও ভেঙে যায়। বাংলাদেশের স্কোর ছিল ৭৬/৩।
একই ওভারে বিনুরার বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে নুয়ান তুষারাকে ক্যাচ দেন ওয়ানডে মেহেদী হাসান মিরাজ। ২ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি (৭৮/৪)।
চতুর্থ উইকেট পতনের পর ৩৯ বলে ৭৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন লিটন ও শামীম হোসেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো লিটন ৫০ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৬ রানে করে মহীশ থিকসানার শিকার হয়েছেন। এরপর জাকের আলীকে নিয়ে ৮ বলে ১৬ রান যোগ করে দলের সংগ্রহটা আরেকটু ভদ্রস্থ করেন শামীম। ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে রানআউটের শিকার হন জাকের আলী ও শামীম। এতে রানে গতি কমে যায়। যদিও শেষ দুই বলে ছয় তুলে নিয়ে দলকে ১৭৭ রান এনে দেন সাইফউদ্দিন।










