বেনোনিতে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ বছরে চারটি ওয়ানডে সিরিজ খেলে সবগুলোতেই জয় পেল বাংলাদেশের যুবারা।
১৭ জুলাই বেনোনিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পয়। শনিবার টাইগার যুবারা জিতেছে ১০৪ রানের ব্যবধানে। টানা দুই ম্যাচে একশর বেশি রানে জিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হয় অতিথি দলটি।
শনিবার উইলোমুর পার্কে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে করেন সর্বোচ্চ ৬৭ রান। এছাড়া জাওয়াদ আবরার ও রিজান হাসান ফিফটি করেন। প্রথম ম্যাচেও ফিফটি করেন এ দুজন।
এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ১৪ রানেই তুলে নেন স্বাগতিকদের ৩ উইকেট। শেষমেষ প্রোটিয়া যুবারা ৩০.২ ওভারে অলআউট হয়ে যায় ১৬১ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাসন রোলেস। ২টি করে উইকেট নেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম। মঙ্গলবার একই মাঠে সিরিজের শেষ ম্যাচ।










