ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোটা স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পর্তুগিজ সংবাদমাধ্যমে জানানো হয়েছে। খবর স্কাই নিউজ।
২৮ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার স্পেনের জামোরা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হন। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এই খবর নিশ্চিত করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, জামোরা প্রদেশে সড়ক থেকে গাড়ি ছিটকে পড়ে দিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে দুজনেই মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে ঘটেছে এই দুর্ঘটনা।
স্পেনের জরুরি পরিষেবায় ফোন করা প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, তারা গাড়িটিতে আগুন ধরে যেতে দেখেছেন।
২৮ বছর বয়সী জোটা ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৪১ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে। লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল করেছিলেন তিনি। গত মৌসুমে তিনি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন এবং এফএ কাপ, কমিউনিটি শিল্ড এবং দুইবার করে কারাবাও কাপও জিতেছেন।
গত ২২ জুন রুতে কার্দোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জোটা। তাদের তিনটি সন্তান আছে।










