শনিবার সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজে বাংলাদেশকে হারাতে চায় ডাচরা। দলটির অধিনায়ক স্কট এডওয়ার্ডস আজ সংবাদ সম্মেলনে এসে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন।

এডওর্য়াস বলেন, ‘অবশ্যই বিশ্বাস করি, সিরিজ জিততে পারব। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি, ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখিতে বাংলাদেশ চারবার ও ডাচরা একবার জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাচদের হারিয়েছিল টাইগাররা। তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে কলকাতায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশেক হারিয়েছিল ডাচরা। সেই জয় এবার তাদের আত্মবিশ্বাস জোগাবে কিনা, এ নিয়ে এডওয়ার্ডস বলেন, ‘হ্যাঁ ও না দুটিই। এটি ভিন্ন সংস্করণ ও কন্ডিশন, কিন্তু ম্যাচ জেতা সব সময় আত্মবিশ্বাস জোগায়। দুটি দলই অনেক বদলে গেছে এখন (দুই বছর আগের তুলনায়)। আমরা আত্মবিশ্বাসী এবং সিরিজটার দিকে তাকিয়ে আছি। দলের সবার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে। আমরা অনেক বেশি স্নায়ুচাপের ম্যাচ খেলেছি বিশ্বকাপ ও বাছাইয়ে। আমাদের যে সাম্প্রতিক পারফরম্যান্স, তা দেখিয়ে দেয়, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দেয়ার ক্ষমতা আছে।’

তিনি আরো বলেন, ‘বেশির ভাগ সময় এভাবেই আমরা সিরিজের জন্য প্রস্তুতি নিই, দুই বা তিন দিন অনুশীলনের সুযোগ থাকে। আমাদের অনেকেরই এ অভিজ্ঞতা আছে। উপমহাদেশে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে, তা নিয়ে আসব। নতুনদের জন্যও দ্রুত শিখতে হবে প্রস্তুতি নেওয়া। অবশ্যই সিরিজটা কঠিন। বাংলাদেশে এসে তাদের বিপক্ষে খেলতে গিয়ে অনেকেই ভুগেছে।’