লিওনেল মেসি আছেন বলেই ইন্টার মায়ামিকে নিয়ে আলোচনা। নইলে পিএসজির প্রতিপক্ষ হিসেবে দলটিকে নিয়ে এত কথা, এত আলোচনা হতোই না। তবে এটা যে ‘অহেতুক’ হাইপ ছিল, সেটি প্রমাণ হয়ে গেল। রোববার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ অ্যারেনায় হোয়াও নেভেসের জোড়া গোলে ভর করে মেসির মায়ামিকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি।
প্রথমার্ধেই মায়ামিকে ধসিয়ে দেয় সদ্যই ইউরোপিয়ান মুকুট জেতা পিএসজি। ষষ্ঠ মিনিটে ভিতিনতার পাস থেকে গোল করে নেভেস এগিয়ে দেন ফরাসি জায়ান্টদের। ৩৯ মিনিটে সেই নেভেস ব্যবধান ২-০ করেন। এবার তিনি গোলটি করেন ফাবিয়ান রুইজের পাস থেকে। ৪৪ মিনিটে টমাস আভিলেসের আত্মঘাতী গোলে পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমি গোল করে পিএসজির কফিনে শেষ পেরেক ঠুকে দেন (৪-০)।
দ্বিতীয়ার্ধে মায়ামি কোনো গোল পরিশোধ করতে পারেনি। বরং এ অর্ধে পিএসজিকে আর কোনো করতে না দেয়াই তাদের সফলতা!
২০২৫ সালে সব মিলে ১৫ ম্যাচে ন্যূনতম চার গোল করেছেন ইউরোপজয়ী পিএসজি!
রোববার রাতে ব্রাজিলের ফ্লামেঙ্গোর মুখোমুখি হয় জার্মানির বায়ার্ন মিউনিখ। এ ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবে পিএসজির বিপক্ষে। ৫ জুলাইয়ের সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হবে আটলান্টার। তার মানে, একই শহরে পরের ম্যাচ হবে বলে ভ্রমণ ক্লান্তি থেকে বেঁচে যাচ্ছে লুই এনরিকের দল।
এদিকে, ক্লাব বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর এবার মেজর লিগ সকার ডিউটিতে ফিরছেন মেসিরা। শনিবার কানাডার দল মন্ট্রিয়লের মাঠে খেলবে ইন্টার মায়ামি।










