লক্ষ্মণ উতেকরের সিনেমা ‘ছাভা’। ছত্রপতি শম্ভাজিকে নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। এ সিনেমায় শম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। অন্যদিকে আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। ঐতিহাসিক এ দুই চরিত্র একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিল। এছাড়া তাদের মধ্যে বৈরিতা এত বেশি ছিল যে তারা পরস্পরকে ঘৃণা করতেন। সম্প্রতি ছাভার পরিচালক জানালেন, সিনেমার সেটে ভিকি ও অক্ষয় একে অন্যের সঙ্গে কথা বলেননি। আওরঙ্গজেব ও শম্ভাজির মধ্যে যে দূরত্ব ছিল, সেটা সিনেমায় আনার জন্য এ কাজ করেছেন দুজন। বলিউড হাঙ্গামার সঙ্গে সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, ‘সিনেমায় একই সঙ্গে অভিনয় করলেও তাদের দেখা হতো না। যে দৃশ্যে তাদের মুখোমুখি দ্বৈরথের দৃশ্য আছে, সেদিনই প্রথম তাদের দেখা হয়েছিল।’
লক্ষ্মণের এ কথার সঙ্গে ভিকি যোগ করেন, ‘আমরা ওই দৃশ্য যখন শুট করছিলাম, সে সময় আমাদের মধ্যে কোনো শুভেচ্ছা বিনিময় হয়নি। আমার কেউ কাউকে শুভকামনা জানাইনি। পুরোটা সময় তিনি ছিলেন আওরঙ্গজেব আর আমি ছত্রপতি শম্ভাজি মহারাজ। ভিকি কৌশল আর অক্ষয় খান্নার মধ্যে কোনো কথাবার্তা হয়নি।’
ভিকি বলেন, ‘ঐতিহাসিক চরিত্র দুটোর মধ্যে যে সম্পর্ক ছিল, তা পাশাপাশি চেয়ারে বসে থেকে গল্প করে সম্ভব ছিল না। তাই আমরা সে রকম করিনি। আমি চাই সিনেমা মুক্তির পর অক্ষয় খান্নার সঙ্গে আমার কথা হোক। কিন্তু সেটে আমরা কথা বলিনি।’
এদিকে লক্ষ্মণ উতেকর বলেন, ‘আরে কথা বলা তো পরের বিষয়, ওরা তো একজন আরেকজনের চেহারাও দেখতে চায়নি।’
সূত্র: বলিউড হাঙ্গামা










