আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসব। এবার এ উৎসবের ৭৫তম আসর। উৎসবে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও যাচ্ছেন বাংলাদেশের শিল্পী তবীব মাহমুদ। ‘বাকসো বন্দি’ নামের একটি ভারতীয় সিনেমায় টাইটেল ট্র্যাক করার তিনি এ সুযোগ পাচ্ছেন।
‘বাকসো বন্দি’র ইংরেজি নাম ‘শ্যাডোবক্স’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহি। বার্লিন চলচ্চিত্র উৎসবে বাকসো বন্দি ‘পারসপেকটিভস’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। তবীব জানান, তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহি তার গান শুনতেন। বিশেষত তবীবের ‘গল্লি বয়’ প্রকাশের পর তাদের সঙ্গে যোগাযোগ হয়। এরপর নিয়মিতই গানসহ অন্যান্য বিষয়ে তাদের কথা হতো। এর মধ্যেই একটি গান প্রকাশ করেন তবীব। ‘শুধু টাকার জন্য’ শিরোনামের গানটি মনে ধরে তনুশ্রী ও সৌম্যনন্দর। তারা নিজেদের প্রথম সিনেমায় গানটি নেন। এটিই হয়ে ওঠে বাকসো বন্দি সিনেমার টাইটেল ট্র্যাক।
তবীব আরো জানান, আসন্ন উৎসবে মনোনীত সিনেমা তালিকা প্রকাশের আগেই তাদের ই-মেইলযোগে বাকসো বন্দি মনোনীত হওয়ার খবরটি জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। সেই সঙ্গে উৎসবে উপস্থিত থাকতে আমন্ত্রণপত্রও পাঠিয়েছে।










