অভিনেতা রায়ান গসলিং বারবার নিজেকে নতুন অবতারে এনেছেন। কখনো তাকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়, কখনো রোমান্টিক কমেডিতে। ২০২৩ সালে বারবিতে তিনি হাজির হয়েছিলেন ‘কেন’ চরিত্রে। সিনেমাটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ১০০ কোটি ডলার আয় ছাড়ানোর পাশাপাশি বিশ্বজুড়ে তোলপাড় তুলেছিল এটি। এছাড়া ক্যারিয়ারে রায়ান গসলিং অস্কার মনোনয়ন পেয়েছেন তিনবার। এবার তিনি যুক্ত হচ্ছেন স্টার ওয়ার্সে। হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো এ কথাই বলছে। বিশেষত দ্য হলিউড রিপোর্টার প্রথম এ খবর প্রকাশ করে। সিনেমাটি নির্মাণ করবেন ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ নির্মাতা শন লেভি।
স্টার ওয়ার্স নিয়ে গত বছরগুলোয় নানা কথা শোনা গেছে। বিস্তারিত তেমন কিছু জানা যায় না। তবে শন লেভি ২০২২ সাল থেকে কাজ করছেন স্টার ওয়ার্স নিয়ে। তার সঙ্গে আছেন জোনাথন ট্রপার। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘দিস ইজ হোয়্যার আই লিভ ইউ’ ও ‘দি অ্যাডাম প্রজেক্ট’-এ। তারা স্টার ওয়ার্সের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এক বছর ধরে। সিনেমাটি শন লেভি তার প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টিওয়ান ল্যাপ্সের ব্যানারে প্রযোজনাও করবেন। সহপ্রযোজক থাকছে ক্যাথলিন কেনেডি ও লুকাস ফিল্ম।
শন লেভির সিনেমাটি স্টার ওয়ার্স: স্কাই ওয়াকার সাগার সঙ্গে যুক্ত হবে না। এটি হবে একটি স্বতন্ত্র সিনেমা। তবে রায়ান গসলিংয়ের যুক্ত হওয়া, সিনেমাটিকে দর্শকের কাছে আরো সহজে নিয়ে যাবে বলে মনে করে ভ্যারাইটি।
কোন গল্প নিয়ে লেভি কাজ করছেন তাও অজানা। তবে ধারণা করা হচ্ছে ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রৌ’ নিয়ে কাজ করতে পারেন তিনি। সিনেমাটি ২০২৬ সালের মে মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে নির্মাতার।
এ সিনেমায় যুক্ত হওয়া রায়ানের ক্যারিয়ারের বিশেষ মোড় হিসেবে রয়ে যাবে। এ ধরনের সিনেমায় রায়ানকে আগে দেখা যায়নি। আর স্টার ওয়ার্সে এর আগে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, স্যামুয়েল জ্যাকসনের মতো অভিনেতারা।
সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার










