ওটিটি প্লাটফর্মের সাড়া জাগানো সিরিজ ‘স্কুইড গেম’। প্রথম সিজন মুক্তির পর এটি যেভাবে সাফল্য পেয়েছিল এবং দর্শক সিরিজটিকে যেভাবে আপন করে নিয়েছিলেন, তা অন্য সিরিজের ক্ষেত্রে হয়নি। এ বছর স্ট্রিম হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। স্ট্রিম শুরু হওয়ার পর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও নেটফ্লিক্সে সেরার স্থান পেয়েছে। গত ২৬ ডিসেম্বর মুক্তি পায় সিরিজটি। এখন পর্যন্ত নেটফ্লিক্সে এ সিরিজ মোট ১৫ কোটি ২৫ লাখ ভিউ পেয়েছে। কোনো সিরিজের জন্য এটা বেশ বড় ব্যাপার। এর মধ্য দিয়ে ‘স্কুইড গেম সিজন টু’ নেটফ্লিক্সের তৃতীয় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড পেল। এর আগের অবস্থানে আছে স্কুইড গেমেরই প্রথম সিজন। সেটি ভিউ পেয়েছে ২৬ কোটি ৫০ লাখ।

স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রিমিয়ার হওয়ার চারদিনের মাথায় এটি ৬ কোটি ৮০ লাখ ভিউ পেয়েছিল। এটা নেটফ্লিক্স কেবল নয়, যেকোনো ওটিটির জন্যই বড় ব্যাপার। নেটফ্লিক্সের ক্ষেত্রে স্কুইড গেম সিজন টু হয়ে উঠেছিল সেরা ওটিটি অভিষেক। এরপর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। ১১ দিনে সিরিজটি ১২ কোটি ৬২ লাখ ভিউ পেয়েছে। এত কম সময়ে নেটফ্লিক্সের কোনো সিরিজ এত ভিউ পায়নি। এর মধ্যে দ্বিতীয় সিজন আসার পর অনেক দর্শক প্রথম সিজন দেখা শুরু করেছেন নতুন করে। ফলে স্কুইড গেমের প্রথম সিজনও ভিউ পেয়েছে।

নেটফ্লিক্সের ইংরেজি কনটেন্টের তালিকার প্রথম অবস্থানে আছে হারলান কোবেনের ‘মিসিং ইউ’। এটি জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভিউ পেয়েছে ১ কোটি ৫০ লাখের বেশি। এরপর আছে আমেরিকান প্রাইমভেল। এটি এক কোটি চার লাখের মতো ভিউ পেয়েছে। জেরি স্প্রিঙ্গারের ডকুমেন্টারি সিরিজ ফাইটস, ক্যামেরা, অ্যাকশন পেয়েছে ৭৭ লাখ ভিউ।

নেটফ্লিক্সের স্কুইড গেমের গল্পটা দর্শককে টেনেছে বেশ। মূলত একটা গেম শোকে ঘিরে এর গল্প। সেখানে অংশগ্রহণকারীদের নানা টাস্ক থাকে। এখানে খেলতে গিয়ে মৃত্যুও হতে পারে প্রতিযোগীর। সব মিলিয়ে গেম শোর গল্প থেকে নির্মিত এ সিরিজ দর্শকের কাছে বিশেষ হয়ে উঠেছে। স্কুইড গেম মুক্তির পর থেকে এর আদলে তৈরি হয়েছে নানা স্যুভেনির, শপিং মল সেজে উঠেছে স্কুইড গেমের আদলে। এ সবকিছুই সিরিজটির সাফল্য নির্দেশ করে।

সূত্র: ভ্যারাইটি